ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সেনাঘাঁটিতে ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠী হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) চালানো এ জোড়া হামলাকে গত চার বছরের চলমান গৃহযুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা হিসেবে বর্ণনা করা হচ্ছে।
গাউফ নিউজের দেওয়া তথ্য অনুযায়ী, সরকারি বাহিনীর সম্ভাব্য সামরিক তৎপরতার পাল্টা পদক্ষেপ হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন আকাশযান দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
হামলার বিবরণ দিয়ে এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা জানান, মারিব প্রদেশের আল-রুওয়াইক এলাকায় কুচকাওয়াজ চলাকালে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ৪৫ জন হতাহত হন। একই সময়ে সীমান্তের কাছে হাদরামাউতের আল-আবর ও আল-ওয়াদিয়াহ এলাকার সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়। চিকিৎসাসংক্রান্ত সূত্রের বরাতে জানা গেছে, হতাহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরও অনেকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে উপযুক্ত সময়ে হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে রাজধানী সানা ও উত্তরাঞ্চলের বৃহৎ একটি অংশ নিয়ন্ত্রণকারী হুতিদের এ হামলার ঘটনায় ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।