পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারের জালে এক ট্রিপেই ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। উন্মুক্ত নিলামে এসব মাছ বিক্রি হয়েছে ৪৮ লাখ ৫০ হাজার টাকায়।
জানা গেছে, গত ৬ আগস্ট সাগরের পায়রা বন্দরের শেষ বয়া এলাকায় ‘এফবি জুনাইদ’ নামের ট্রলারটির মাঝি আলমগীর হোসেন জাল ফেললে একসঙ্গে প্রায় ২ হাজার ২০০ পিস ইলিশ ধরা পড়ে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে মাছ নিয়ে ট্রলারটি মহিপুর মৎস্য বন্দরের মনোয়ারা ফিশ আড়তে পৌঁছায়।
আড়ত সূত্রে জানা যায়, ১ কেজি বা তার বেশি ওজনের ২৪ মণ মাছ প্রতি মণ ১ লাখ ১৫ হাজার টাকা দরে বিক্রি হয়। এতে মোট বিক্রি হয় ২৭ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের বাকি ২২ মণ মাছ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে বিক্রি হয়, যার মোট মূল্য ২০ লাখ ৯০ হাজার টাকা।
দীর্ঘদিন পর সাগরে বড় চালানের ইলিশ ধরা পড়ায় জেলে ও আড়তদারদের মধ্যে আনন্দ ফিরে এসেছে। মৎস্য বিভাগ জানিয়েছে, চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকলে সাগরে ইলিশের প্রাপ্তি আরও বাড়তে পারে।