গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে পৃথক একাধিক অভিযান চালিয়ে ২০২ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। উদ্ধার হওয়া এসব অভিবাসীর বড় একটি অংশই বাংলাদেশি নাগরিক।
গ্রিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তিদের অধিকাংশই লিবিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে রওনা হয়েছিলেন। আকস্মিকভাবে বিপুলসংখ্যক অভিবাসীর আগমনে ক্রিট দ্বীপের অস্থায়ী অভ্যর্থনা কেন্দ্রগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত চাপ তৈরি হয়েছে।
সংবাদ সংস্থা ফ্রন্টেক্স ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আইয়েরাপেত্রা উপকূল থেকে ৪০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এর আগে পৃথক দুটি নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করে গ্রিক কর্তৃপক্ষ। উদ্ধার হওয়া অভিবাসীদের প্রাথমিক তথ্য অনুযায়ী—
প্রথম দলে ছিলেন ৫৬ জন। তাঁদের মধ্যে ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক।
দ্বিতীয় দলে ছিলেন ৫৬ জন। তাঁদের মধ্যে ৪৭ জন বাংলাদেশের এবং ৯ জন মিসরের নাগরিক।
উদ্ধারকৃত অভিবাসীদের পরিচয় যাচাই-বাছাই ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য হেরাক্লিয়ন বন্দরের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।