ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার বেড়ায় পুলিশকে বাধা দিয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ

পাবনার বেড়া উপজেলায় পরোয়ানাভুক্ত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া মডেল থানা-সংলগ্ন কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেওয়া যুবলীগ নেতার নাম সোহেল রানা। তিনি বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার বাসিন্দা এবং বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালিয়ে দুই মামলায় পরোয়ানাভুক্ত আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে থানায় নেওয়ার পথে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসে বাধা দেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তির সৃষ্টি করে তাঁকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার জানান, পরোয়ানাভুক্ত ওই আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ বাধার মুখে পড়ে। ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং পুলিশের ওপর হামলা ও বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।