ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ দুই ছাত্রদল নেতা গ্রেপ্তার, দল থেকে অব্যাহতি

শেরপুরের নালিতাবাড়ীতে ১৪ পিস ইয়াবাসহ স্থানীয় জনতার হাতে আটকের পর বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া নেতারা হলেন—কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসেন। শনিবার (৮ আগস্ট) রাতে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. নাইম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নালিতাবাড়ী উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় মাদক পাচারের সন্দেহে দেলোয়ার, ছাদেক ও ফারুক মিয়া নামের তিনজনকে আটক করেন স্থানীয়রা। খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে ১৪ পিস ইয়াবা উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, ইয়াবাসহ আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।