গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইজ্জতপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আল আমিন (৩২) ও তাঁর স্ত্রী রিনা আক্তার (৩০)। রিনা আক্তার শ্রীপুরের বরমী ইউনিয়নের সিদ্দিক মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় ট্রেনে কাটা পড়া এক দম্পতির ছিন্নভিন্ন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
স্বজনদের বরাতে জানা যায়, চার বছর আগে পরিবারের অমতে তাঁদের বিয়ে হয়। পরিবার তা মেনে না নেওয়ায় তাঁরা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সম্প্রতি তাঁরা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন এবং এ নিয়ে তাঁদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। পারিবারিক কলহের জেরে তাঁরা আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনদের ধারণা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঠিক কোন ট্রেনের নিচে তাঁরা কাটা পড়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।