ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা বোর্ডের ৬ মাসের অনুমোদন পেল জাজিরার আমজাদিয়া একাডেমির এডহক ম্যানেজিং কমিটি

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকার আমজাদিয়া একাডেমির এডহক ম্যানেজিং কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. ফজলুল করিম। গত ৯ আগস্ট এ-সংক্রান্ত অনুমোদনের তথ্য জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় শাখা থেকে জারি করা অফিস আদেশে বলা হয়েছে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী আমজাদিয়া একাডেমির এডহক ম্যানেজিং কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের তারিখ থেকে এ কমিটির কার্যকাল ছয় মাস।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ফজলুল করিম। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন হাবিবুর রহমান এবং অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মাসুদ রানা। আর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আমজাদিয়া একাডেমির প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফজলুল করিম তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও সাবেক ছাত্রনেতা হিসেবে এলাকায় পরিচিত। তিনি সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন এডহক কমিটির নেতৃত্বে আমজাদিয়া একাডেমির শিক্ষা কার্যক্রমে আরও গতিশীলতা আসবে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
সভাপতি মনোনীত হওয়ায় ফজলুল করিম শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের স্বার্থকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
উল্লেখ্য, আমজাদিয়া একাডেমি শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় অবস্থিত।