ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার প্রত্যর্পণের আগে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারত থেকে বাংলাদেশবিরোধী তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের স্বাভাবিকীকরণ বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।

নাহিদ ইসলাম উল্লেখ করেন, গত দুই বছর ধরে ভারত তাদের ভূখণ্ড ব্যবহার করে দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড চালানোর সুযোগ দিচ্ছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা। দিল্লিতে শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনের বিষয় তুলে ধরে তিনি বলেন, এতে প্রমাণিত হয় বাংলাদেশের প্রতি ভারতের আধিপত্যবাদী নীতির পরিবর্তন হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা ও সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকের সমালোচনা করে তিনি বলেন, কেবল আনুষ্ঠানিক বিবৃতিতে সীমাবদ্ধ না থেকে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। প্রধানমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা বা ভারতের দুঃখ প্রকাশের অনুপস্থিতিকে তিনি হতাশাজনক বলে উল্লেখ করেন।

তিনি স্পষ্ট করে জানান, বাংলাদেশ কোনো সম্প্রসারণবাদী ‘শেয়ার্ড ড্রিম’-এর অংশীদার নয়। সম্পর্কের ভিত্তি হতে হবে সার্বভৌমত্ব ও সমতার প্রতি সম্মান। শেখ হাসিনা ও ‘ঘাতকদের’ প্রত্যর্পণ নিশ্চিত করা এবং ভারত থেকে বাংলাদেশবিরোধী সব কর্মকাণ্ড বন্ধের বিষয়ে সরকারকে দৃশ্যমান ও দৃঢ় অবস্থান নেওয়ার জোর দাবি জানান তিনি।