সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে ১২ জনই নওগাঁ জেলার বাসিন্দা। এর মধ্যে ১১ জনের বাড়ি আত্রাই উপজেলায় এবং একজনের বাড়ি নওগাঁ সদরে। এ ঘটনায় জেলাজুড়ে শোকের মাতম চলছে।
নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের দুই ভাই মোহন আলী ও সুমন, একই গ্রামের রুবেল প্রামাণিক ও কলিমউদ্দিন; ডুবাই গ্রামের সোহেল রানা ও হাসিবুল হাসান; সাধনগর গ্রামের সাগর আলী; মাধবপুর গ্রামের মজিদুল সরদার সজীব; পারকাসুন্দা গ্রামের জলিল সরদার; মধ্যবোয়ালিয়া গ্রামের মিনহাজ প্রামাণিক এবং নওগাঁ সদরের পার-নওগাঁ এলাকার শাহীন রয়েছেন।
নিহতদের অধিকাংশই পরিবারের সচ্ছলতা ফেরাতে জমি বিক্রি কিংবা ঋণ করে বিদেশে গিয়েছিলেন। হঠাৎ উপার্জনক্ষম প্রিয়জনকে হারিয়ে স্বজনরা যেমন দিশেহারা, তেমনি ঋণের বোঝা ও ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। জেলা প্রশাসন জানিয়েছে, দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনা এবং সরকারি সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।