বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার শেষ বিষয়ে অংশ নেওয়া নোয়াখালীর শিক্ষার্থী আবতাহি উদ্দিন লাবিব গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে নোয়াখালী জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে সে এই কৃতিত্ব অর্জন করে।
জানা যায়, গত ১৯ মে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লাবিবের বাবা চাটখিল মহিলা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মফিদুল আলম (৫৪)। বাবার আকস্মিক মৃত্যুর পরদিন (২০ মে) জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল লাবিবের। গভীর শোক সহ্য করে বাবার স্বপ্ন পূরণের প্রত্যয়ে সে শেষ পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার জানাজা ও দাফনে অংশ নেয় সে।
প্রকাশিত ফলাফলে দারুণ সাফল্য পাওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লাবিব জানায়, বাবা বেঁচে থাকলে আজ হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবাকে স্মরণ করে সে একটি আবেগঘন পোস্টও দেয়।
নোয়াখালী জিলা স্কুলের শিক্ষক ও চাটখিল মহিলা ডিগ্রি কলেজের শিক্ষকেরা লাবিবের মানসিক দৃঢ়তা ও মেধার ভূয়সী প্রশংসা করেছেন। পিতৃশোকের মধ্যেও লাবিবের এই অনন্য অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মন্তব্য করেন তাঁরা।