ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজি নিয়ে বিরোধে নিউ মার্কেটে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, আহত ১১

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ফুটপাতের চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা কলেজের শিক্ষার্থী, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বলাকা সিনেমা হল ও আশপাশের এলাকায় পাল্টাপাল্টি হামলা, ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নিউ মার্কেট থানার বলাকা সিনেমা হলের সামনে ফুটপাত থেকে চাঁদা তুলতে গেলে যুবদলের কয়েকজন নেতাকর্মীকে বাধা দেন ঢাকা কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে মারামারি শুরু হয়। একপর্যায়ে যুবদলের নেতাকর্মীদের মারধরের পর শিক্ষার্থীরা ঢাকা কলেজের ভেতরে চলে যান।

পরে ঢাকা কলেজের ছাত্রদল নেতাকর্মী ও শিক্ষার্থীরা আবার ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পরে সংঘর্ষের খবর পেয়ে নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের নেতৃত্বে ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইফতেখার, সদস্যসচিব শাহাদাত, মোবাইল সোহেল, চায়না সুমন ও আজিমসহ অর্ধশতাধিক নেতাকর্মী ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজনের ওপর হামলা চালান। এ সময় লাঠি, ছুরি ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।

হামলায় ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী ও শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, মো. সুমন সিকদার, আহ্বায়ক সদস্য মো. সাগর খান, মো. সায়মন ইসলাম, ছাত্রদল সদস্য মুসফিকুর রহিম, শাকিব হাসান, ইমরান হোসেন এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল ইসলাম। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষার্থীদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রিয়াঙ্গন মার্কেটসংলগ্ন বসুন্ধরা গলিতে জড়ো হন। সেখানে হামলাকারীদের সঙ্গে তাদের ফের সংঘর্ষ হয়। একপর্যায়ে ওই এলাকায় ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর নিউ মার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চল এলাকায় প্রভাব বিস্তার করেন। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের দখল নেওয়ার সময় কুপিয়ে হত্যাচেষ্টার একটি মামলায় তিনি চার নম্বর আসামি বলেও সূত্রটি জানায়।

সংঘর্ষের বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, সন্ধ্যার পর থেকে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।