বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ তৈরিতে সরকার সাত সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫ এর প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নই কমিটির মূল দায়িত্ব। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা আগামী সপ্তাহে বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে উঠতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপনের পর পে-স্কেল নিয়ে পরবর্তী সিদ্ধান্তের পথ আরও পরিষ্কার হবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, মন্ত্রিসভায় অনুমোদন পেলে প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন পে-স্কেল কবে কার্যকর হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ বিষয়ে সংশ্লিষ্টরা জানান, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্থিক প্রভাব। সরকারের ব্যয় ও মূল্যস্ফীতির চাপ বিবেচনায় পে-স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সরকার পুরোপুরি পিছিয়ে না দিয়ে নিজেদের সক্ষমতা বিবেচনায় বাস্তবায়নের পথ খুঁজছে। প্রয়োজনে ধাপে ধাপে কার্যকরের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
২০১৫ সালে অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় নতুন কোনো বেতন কাঠামো ঘোষণা হয়নি। এ সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন প্রতিবছর নির্ধারিত হারে বাড়লেও জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রেক্ষিতে নবম পে-স্কেলের দাবি জোরালো হয়। ২০২৫ সালের জুলাইয়ে নবম পে-কমিশন সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে মূল বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়।
পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২১ এপ্রিল পে-স্কেলের সুপারিশ পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটির পর্যালোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। অর্থনীতিবিদদের হিসাবে প্রস্তাবিত কাঠামো পুরোপুরি বাস্তবায়ন হলে সরকারের বার্ষিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। অতিরিক্ত ব্যয় সামাল দিতে রাজস্ব আয় বাড়ানো এবং ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা আনার প্রয়োজন হবে। নতুন পে-স্কেল নিয়ে প্রত্যাশা বাড়ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে।