বর্ষা শুরু হলেই প্রাণ ফিরে পায় শরীয়তপুরের বুড়িরহাটের ঐতিহ্যবাহী নৌকার হাট। প্রতি মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত চলে এই হাট। বর্ষার পানির সঙ্গে তাল মিলিয়ে দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে এখানে।
নদী-খালবেষ্টিত এলাকার মানুষের যাতায়াত, মাছ ধরা ও কৃষিকাজের প্রয়োজন মেটাতে নানা আকারের কাঠের নৌকা কেনাবেচা হয় এই হাটে। প্রতি হাটে প্রায় ৪০ থেকে ৫০টি নৌকা বিক্রি হয়। নতুন নৌকার দাম ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা, আর পুরোনো নৌকা ৩ থেকে ৬ হাজার টাকায় পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বুড়িরহাটে নৌকার বেচাকেনার ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরোনো। শুরুতে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনাবেচার জন্য এখানে হাট বসত। পরে বর্ষাকালে স্থানীয় কাঠমিস্ত্রিরা নৌকা বানিয়ে এনে বিক্রি শুরু করেন। সময়ের সঙ্গে নৌকার বাজারই বুড়িরহাটের অন্যতম পরিচিতি হয়ে ওঠে।
স্থানীয়দের দাবি, বুড়িরহাট উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠার অন্তত ৪০ বছর আগে থেকেই এখানে নৌকার হাট বসত। ১৯৪৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে এর মাঠেই নিয়মিত বসছে হাটটি। এই বাজারকে কেন্দ্র করে কয়েক প্রজন্মের কাঠমিস্ত্রিরাও জীবিকা ধরে রেখেছেন।
একজন কাঠমিস্ত্রি সপ্তাহে ছোট আকারের দুটি নৌকা তৈরি করতে পারেন। প্রতিটি নৌকা বিক্রি করে তাদের ২ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত লাভ থাকে। ফলে বর্ষাকেন্দ্রিক এই হাট শুধু নৌকার ক্রেতা-বিক্রেতার মিলনস্থল নয়, স্থানীয় কারিগরদের আয়েরও একটি মাধ্যম।
একসময় বুড়িরহাটে শত শত নৌকার সমাগম হতো। সময়ের সঙ্গে সেই সংখ্যা কমে এলেও হাটের কার্যক্রম বন্ধ হয়নি। প্রতি মঙ্গলবার বর্ষার সকালে এখনো মাঠজুড়ে সারি সারি কাঠের নৌকা দেখা যায়। চলে দরদাম ও বেচাকেনা, আর বর্ষার সঙ্গে ফিরে আসে পুরোনো সেই ব্যস্ততা।