ফরিদপুরের নগরকান্দা পৌরসভায় কাজের বিল পেতে ১৫ শতাংশ ঘুষ না দেওয়ায় ঠিকাদার হাসিবুল হাসান আব্দুল্লাহকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে পৌরসভার প্রশাসনিক কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে বলে দাবি আহত ঠিকাদারের। পরে তাকে প্রথমে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসিবুল হাসান আব্দুল্লাহ ‘সৈয়দা জাহানারা এন্টারপ্রাইজ’-এর মাধ্যমে ঠিকাদারি কাজ করেন। ২০২৩ সালে আইইউআইডিপি প্রকল্পের আওতায় নগরকান্দা পৌর এলাকায় তিনটি সড়কে আরসিসি ঢালাইয়ের কাজ করেন তিনি।
হাসিবুলের ভাষ্য, ওই কাজের বিল আট মাস আগে অনুমোদন হলেও এখনো তা দেওয়া হয়নি। বিল ছাড়ানোর জন্য পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির মোট বিলের ১৫ শতাংশ অর্থ দাবি করেন বলে অভিযোগ তার। এর মধ্যে গত ১০ আগস্ট পাঁচ লাখ টাকা দেওয়ার পরও পরে আরও পাঁচ লাখ টাকা চাওয়া হয় এবং বিল আটকে রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
হাসিবুল জানান, বুধবার বিলের বিষয়ে কথা বলতে প্রশাসনিক কর্মকর্তার কক্ষে যান তিনি। সেখানে হুমায়ুন কবির ও তার সহযোগী মোসলেম উদ্দিন তার ওপর চড়াও হন বলে অভিযোগ করেন। একপর্যায়ে জিআই পাইপ দিয়ে মারধর করা হলে তার একটি হাত ভেঙে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করার কথা জানিয়েছেন তিনি।
তবে ঘুষ চাওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন প্রশাসনিক কর্মকর্তা হুমায়ুন কবির। তার দাবি, ঠিকাদারের কাজ অসম্পূর্ণ থাকায় বিল পরিশোধ করা হয়নি। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ ছিল, কাজ শেষ না হওয়া পর্যন্ত বিল না দেওয়ার। তার কক্ষে এসে ঠিকাদারই প্রথমে হামলা করেন বলেও দাবি করেন তিনি। ঠিকাদারকে মারধর কিংবা জিআই পাইপ দিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন হুমায়ুন কবির।
নগরকান্দা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, ঠিকাদারের বিলের বিষয়টি তার জানা আছে। কাজের মধ্যে অসংগতি থাকায় সেটি শেষ না হওয়া পর্যন্ত বিল দিতে নিষেধ করা হয়েছে।
প্রশাসনিক কর্মকর্তার হামলায় ঠিকাদারের হাত ভাঙার অভিযোগ প্রসঙ্গে রেজওয়ানা আফরিন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। তবে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এমন মারধরের ঘটনা গ্রহণযোগ্য নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।