ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তঃজেলা বিতর্কে চ্যাম্পিয়ন শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন

যুক্তির লড়াইয়ে সাফল্য পেয়েছে শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উদ্যোগে আয়োজিত আন্তঃজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে প্রতিষ্ঠানটির বিতর্ক দল।
বুধবার (১২ আগস্ট) মাদারীপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। ফাইনালে মুখোমুখি হয় মাদারীপুর জেলার তাতীবাড়ি ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এবং শরীয়তপুর জেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ।
এর আগে নিজ নিজ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে পেছনে ফেলে ফাইনালে ওঠে দুই দল। চূড়ান্ত পর্বে তথ্য, যুক্তি ও বক্তব্য উপস্থাপনে প্রতিপক্ষকে ছাড়িয়ে যায় শরীয়তপুরের দলটি। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। এতে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, মাদারীপুরের উপপরিচালক।
চ্যাম্পিয়ন দলের দলনেতা ফাইজা মেহনাজ অথৈ ফাইনাল পর্বে শ্রেষ্ঠ বিতার্কিকের স্বীকৃতি পেয়েছেন। দলের অপর দুই সদস্য হলেন বিদ্যা দেবনাথ ও মুশফিকা ইশরাক মেরি।
এ অর্জনে মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। দলের কনভেনর, সহকনভেনর, বিতার্কিক এবং এ আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকেরা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি যুক্তিনির্ভর চিন্তা, তথ্য বিশ্লেষণ ও সমসাময়িক বিষয় নিয়ে চর্চায় উৎসাহ দেওয়া হয়। আন্তঃজেলা পর্যায়ে এই অর্জন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য অনুপ্রাণিত করবে।
শিক্ষক ও অভিভাবকেরা মনে করছেন, এমন প্রতিযোগিতায় অংশগ্রহণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি তাদের যুক্তিবোধ, বক্তব্য উপস্থাপন ও নেতৃত্বের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।