ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সংকট সরকারের অব্যবস্থাপনার ফল: নাহিদ ইসলাম

দেশজুড়ে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে সরকারের পরিকল্পনাহীনতা, জ্বালানি ক্রয়ে সিদ্ধান্তহীনতা এবং ভুল অগ্রাধিকারের ফল বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আন্তর্জাতিক বাজারে যুদ্ধ ও অস্থিরতা সংকটকে তীব্র করেছে, তবে বর্তমান পরিস্থিতির জন্য শুধু যুদ্ধ বা হরমুজ প্রণালীকে দায়ী করা যায় না বলে মন্তব্য করেন তিনি।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সমাধানের কথা তুলে ধরে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ধারাবাহিক ভুল সিদ্ধান্তের কারণে পরিস্থিতি ভয়াবহ হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলার থেকে বেড়ে ৮৫ থেকে ৯০ ডলারে উঠলেও সরকার যথাসময়ে মূল্য সমন্বয় করেনি। ভর্তুকির বাড়তি চাপ মোকাবিলায় অর্থায়ন পরিকল্পনা থাকা প্রয়োজন ছিল। সেই পরিকল্পনা না থাকায় মার্চে বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত ২০ হাজার কোটি টাকা ভর্তুকি চেয়ে চিঠি দেয়।

তার অভিযোগ, ভর্তুকির চাপ সামলাতে সরকার এমন জায়গায় ব্যয় কমিয়েছে যার সরাসরি প্রভাব বিদ্যুৎ উৎপাদনে পড়েছে। কয়লা ও ফার্নেস অয়েলচালিত কেন্দ্র এবং আমদানিকৃত বিদ্যুতের অর্থ পরিশোধে সংকট তৈরি হয়েছে। বকেয়ার কারণে তেলচালিত কেন্দ্রগুলো উৎপাদন বাড়াতে পারেনি, কয়লার সরবরাহে সমস্যা হয়েছে এবং বিদ্যুৎ আমদানিও কমেছে। ক্যাপাসিটি চার্জ বা আইপিপির ফিক্সড পেমেন্টের মতো খাতে কাটছাঁট না করে উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত খাতে অর্থ সংকোচন করা হয়েছে। এটি অর্থ সাশ্রয় নয়, অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থতা।

তিনি আরও বলেন, ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এফএসআরইউতে আগুন লাগার পর দৈনিক প্রায় ৫১ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু এমন পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা থাকার কথা। অথচ একই সময়ে ভারত থেকে ডিজেল আমদানি অর্ধেকে নেমে আসে, আদানির কাছ থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যায় এবং কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদনও কমে যায়।

নাহিদ প্রশ্ন তোলেন, ভারত থেকে ডিজেল, ঝাড়খণ্ড থেকে আদানির বিদ্যুৎ এবং ইন্দোনেশিয়া ও ভারত থেকে কয়লা আমদানির কোনোটিই হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল নয়। তাহলে সরবরাহ কেন কমেছে তার ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এর পেছনে যুদ্ধের চেয়ে বকেয়া অর্থ, ক্রয়সূচি এবং জ্বালানি পরিকল্পনার ঘাটতি বড় কারণ।

জ্বালানি সংকটের বাজার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মূল্য সমন্বয়ের আগে পাম্পগুলোতে জ্বালানি না পাওয়ায় দীর্ঘ লাইন তৈরি হলেও দাম বাড়ানোর পরপরই লাইন চলে যায়। মজুদ ব্যবস্থাপনার সঙ্গে সংকটের একটি অংশ যুক্ত ছিল। মজুদদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অপরিশোধিত তেল কেনার শিডিউল পিছিয়ে দেওয়া এবং একটি বৃহৎ শিল্পগোষ্ঠীর চিঠির পর দ্রুত বেসরকারি আমদানি নীতিমালার খসড়া চাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

পিজিসিবির তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, এপ্রিল ২০২৬ এ সর্বোচ্চ দৈনিক লোডশেডিং ছিল ৪১ হাজার মেগাওয়াট-ঘণ্টা এবং জুলাইয়ে ৩২ হাজার মেগাওয়াট-ঘণ্টা। আগস্টে তা বেড়ে ৫৩ হাজার থেকে ৬২ হাজার মেগাওয়াট-ঘণ্টায় পৌঁছেছে। ১০ আগস্ট রাত ১টার দিকে সর্বোচ্চ ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। গ্রামাঞ্চলে দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না।

তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জন্য ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান এবং ডিজাস্টার রিকভারি প্ল্যান থাকা প্রয়োজন। ফুয়েল প্ল্যানে কোন মাসে কী পরিমাণ জ্বালানি প্রয়োজন, কখন অর্ডার দিতে হবে এবং কত অর্থ প্রয়োজন তা নির্ধারিত থাকার কথা। সোলার খাতেও শূন্য শুল্কের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে ১৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বর্তমান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর অতীত দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৬ সালের মে পর্যন্ত তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন। ওই সময়ে দেশে নিয়মিত লোডশেডিং হয়েছে। প্রায় দুই দশক পর একই মন্ত্রণালয়ের দায়িত্বে এসে কয়েক মাসের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ লোডশেডিং তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এটি ব্যক্তিগত আক্রমণ নয়, পারফরম্যান্সের প্রশ্ন।

ভারতের সঙ্গে বিদ্যুৎ সংযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ। তার দাবি, ১২ আগস্ট থেকে বিদ্যুৎ বিভাগ পুনরায় ৭৬৫ কেভি কাটিহার-পার্বতীপুর-বরনগর সঞ্চালন লাইন এবং ভারতের সঙ্গে পাওয়ার কানেক্টিভিটি নিয়ে সক্রিয় হয়েছে। প্রস্তাবিত করিডোরের মূল উদ্দেশ্য বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ নয়, বরং ভারতের উত্তর-পূর্বাঞ্চল থেকে বিদ্যুৎ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে মূল ভূখণ্ডে নেওয়া। সেই বিদ্যুৎ অরুণাচল প্রদেশের ব্রহ্মপুত্র অববাহিকায় পরিকল্পিত জলবিদ্যুৎ প্রকল্প থেকে আসতে পারে। যমুনা-ব্রহ্মপুত্র নদ বাংলাদেশের স্বাদু পানির প্রধান উৎস। গঙ্গায় ফারাক্কা ও তিস্তায় গজলডোবার অভিজ্ঞতার পর যমুনার উজানে একই পরিস্থিতি বাংলাদেশ মেনে নিতে পারে না।

তিনি বলেন, গত দুই সপ্তাহ ধরে বরগুনা ও কক্সবাজারের জেলে পল্লীর মাছ ধরার ট্রলারগুলো সাগরে যেতে পারছে না এবং অধিকাংশ বরফকল বন্ধ রয়েছে। শিল্পকারখানা, সেচ, শিক্ষা ও হাসপাতালসহ বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব।