দারিদ্র্যের সঙ্গে লড়াই করে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে কুতুবদিয়ার তিন মেধাবী শিক্ষার্থী। রিকশাচালক জাকের হোসাইনের ছেলে মোহাম্মদ মিরাজ হোসাইন, জেলে বাবার সন্তান সিদরাতুল মুনতাহা এবং অসুস্থ আব্দু শুক্কুরের সন্তান সুলাইমান হাকিম এই গৌরবময় অর্জন করেছে। তাদের সাফল্য প্রমাণ করে অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রমের সামনে কোনো বাধাই টিকতে পারে না।
স্থানীয়রা জানান, রিকশা চালিয়ে জাকের হোসাইন সংসারে দুমুঠো ভাত জোগাড় করেন। তার একমাত্র ছেলে মিরাজ কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং বড়ইতলী আলী মিয়াজীপাড়ার বাসিন্দা। ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগে ১১৫৬ নম্বর পেয়ে জিপিএ-৫ পেয়েছে সে। জাকের হোসাইন বলেন, রিকশা চালিয়ে সংসারের খরচ চলে না। প্রাইভেট শিক্ষক দিতে পারিনি। বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিকতায় ছেলে ভালো ফল করেছে, এতেই তিনি খুশি।
একই বিদ্যালয় থেকে দক্ষিণ ধুরুং পেঁচারপাড়ার সিদরাতুল মুনতাহা বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৯ নম্বর পেয়ে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা ছৈয়দ নুর একজন মৎস্যজীবী। স্ত্রীসহ পাঁচজনের মুখে হাসি ফোটাতে জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে কোনো রকমে সংসার চালান। সংসারে ছোট এক ছেলে ও তিন মেয়ে। মেধাবী মেয়ের জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারেন না তিনি।
এ বিষয়ে ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম বলেন, এবার এসএসসিতে তার বিদ্যালয় থেকে সাতজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে মিরাজ ও মুনতাহা অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী, চরম দুর্দশার মধ্যেও ভালো ফল করেছে। আর্থিক সহায়তা পেলে তারা আরও ভালো মেধার স্বাক্ষর রাখবে।
অন্যদিকে লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউছুফ জানান, তার বিদ্যালয়ে জিপিএ-৫ পাওয়া চার শিক্ষার্থীর মধ্যে জাহালিয়াপাড়ার সুলাইমান হাকিম রোজগারে অক্ষম বাবার সন্তান। তার বাবা আব্দু শুক্কুর প্যারালাইসিসে আক্রান্ত। স্থানীয় একটি নূরানী মাদরাসায় তিন হাজার টাকা বেতনে কাজ করে সংসার চালিয়ে সন্তানকে মেধাবী বানানোর স্বপ্নে দিন কাটান।