ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় আমির হামজার সমর্থক ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ

কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার সমর্থকদের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর এবং উভয় পক্ষের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনার সূত্রপাত হয়। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা দলটির বিরুদ্ধে দেওয়া সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে সেখানে বিক্ষোভ করছিলেন। এ সময় একটি অনুষ্ঠান শেষে আমির হামজার গাড়িবহর ওই সড়ক দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে প্রথমে হট্টগোল এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে।

আমির হামজার সমর্থকদের অভিযোগ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে সেখানে অবস্থান নিয়েছিলেন। তাদের দাবি, পুলিশের উপস্থিতিতেই বিক্ষোভকারীরা হামলা চালিয়ে এমপির গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তারা।

অন্যদিকে, গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে এসে আমির হামজার সমর্থকরাই উত্তেজনা সৃষ্টি করেন। পরে সন্ধ্যায় তাদের জেলা কার্যালয় ও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

গণ অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, আমির হামজা দলটি নিয়ে বিরূপ মন্তব্য করায় এর প্রতিবাদে তারা ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ করছিলেন। এ সময় আমির হামজার গাড়ি সেখানে পৌঁছালে জামায়াতের নেতাকর্মীরা তাদের সঙ্গে হট্টগোল শুরু করেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ঘটনায় গণ অধিকার পরিষদ ও জামায়াতের পক্ষ থেকে পৃথক মামলা করার কথা জানানো হয়েছে।