সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগের টাকা গণনার সময় এক নারীর লেখা আবেগঘন একটি চিঠি পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) সকালে তৃতীয়বারের মতো দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়।
চিঠিতে ‘হেনা’ নামের ওই নারী তার স্বামীকে ঘিরে নিজের কষ্টের কথা তুলে ধরেছেন। পাশাপাশি যারা তার স্বামীকে ‘কুপথে’ নিয়েছেন, তাদের বিচার এবং হেদায়াতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
চিঠিতে হেনা লিখেছেন, “ইয়া আল্লাহ, আমি তোমার ওলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করেছি। যারা আমার স্বামীকে কুপথে নিছে, আল্লাহ তুমি বিচার করিও এবং তাদের হেদায়াত করিও। আমার মতো কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও।”
এদিকে শনিবার সকাল ১০টার দিকে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কাজ শুরু হয়। এ সময় তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খোলা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় টাকা গণনা।
টাকা গণনার কাজে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। বিপুল পরিমাণ অর্থ থাকায় গণনা শেষ হতে বিকেল পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে গত ২২ জুন ও ১১ জুলাই দুই দফায় প্রকাশ্যে মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা করা হয়েছিল। গণনা শেষে সংগৃহীত অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। সর্বশেষ গণনার ৩৪ দিন পর শনিবার আবারও দানবাক্সগুলো খোলা হলো।