বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবার ভারতের সঙ্গে একীভূত হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু রামদেব। এ জন্য ভারতীয়দের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) ভারতের রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন বিষয়ে কথা বলেন রামদেব। এ সময় সনাতন ধর্ম, শাসনব্যবস্থা ও গণতন্ত্র নিয়েও মন্তব্য করেন তিনি।
রামদেব দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো নির্দিষ্ট তথ্য বা প্রমাণ উপস্থাপন করেননি।
তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দুদের ওপর নিগ্রহ ও অবিচার মানবসভ্যতার অন্যতম বড় নিষ্ঠুরতা। তার দাবি, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন ভারতের সঙ্গে পুনরায় একীভূত হবে। এ জন্য শুধু ধৈর্য ধরতে হবে।
ভারতে কোনো ধর্ম হুমকির মুখে নেই বলেও মন্তব্য করেন রামদেব। তবে তার মতে, ভারতের সম্মান ও গৌরব একসময় ঝুঁকির মধ্যে ছিল।
ভারতকে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক শক্তি হিসেবে দেখতে চান জানিয়ে রামদেব বলেন, দেশটির অর্থনীতি বিশ্বের সেরাদের কাতারে থাকা উচিত। একই সঙ্গে ভারতীয় রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমপর্যায়ে এবং ভারতীয় পাসপোর্টকে এমন শক্তিশালী করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন, যাতে ভারতীয়দের বিশ্বের কোনো দেশ ভ্রমণে ভিসার প্রয়োজন না হয়।
রামদেবের এসব মন্তব্যের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রকে ভারতের সঙ্গে একীভূত হওয়ার দাবি সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে।