ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমি হলে তোমাকে বাঁচাতাম না’, সাগর থেকে বেঁচে ফেরা শিশুকে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে উত্তাল সাগর থেকে ১০ বছরের এক শিশুকে জীবন বাজি রেখে উদ্ধার করা ১৬ বছর বয়সী লাইফগার্ড রায়ডার উইলিয়ামসের সাহসিকতার প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মজা করে ট্রাম্প বলেছেন, তিনি রায়ডারের জায়গায় থাকলে শিশুটিকে বাঁচাতে যেতেন না।

সোমবার (১৭ আগস্ট) নিজের কার্যালয়ে সাগর থেকে বেঁচে ফেরা শিশু নাথানিয়াল রায় এবং তাকে উদ্ধার করা লাইফগার্ড রায়ডার উইলিয়ামসের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প।

ঘটনাটি ঘটে গত জুলাইয়ে ক্যালিফোর্নিয়া উপকূলে। উত্তাল সাগরে ডুবে মৃত্যুর মুখে পড়েছিল ১০ বছরের নাথানিয়াল। পরিস্থিতি দেখে সেখানে দায়িত্ব পালনরত ১৬ বছর বয়সী লাইফগার্ড রায়ডার উইলিয়ামস শিশুটিকে উদ্ধারে এগিয়ে যান। তবে সাগরের প্রবল ঢেউয়ের কারণে একপর্যায়ে রায়ডারের নিজের জীবনও ঝুঁকির মুখে পড়ে।

একপর্যায়ে দুজনই ঢেউয়ের নিচে তলিয়ে যান। কয়েক সেকেন্ড পর তারা আবার পানির ওপরে ভেসে উঠলে আরেক লাইফগার্ড অ্যারন বোহনেনের সহায়তায় দুজনকে নিরাপদে তীরে আনা সম্ভব হয়। ওই ঘটনার ভিডিও ধারণ করেছিলেন প্রত্যক্ষদর্শীদের একজন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ট্রাম্পের কার্যালয়ে সাক্ষাতের সময় নিজের পাশে বসা রায়ডারের প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘আসল হিরো’ হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, রায়ডার যে ঝুঁকি নিয়েছে, তিনি নিজে একই পরিস্থিতিতে থাকলে এমনটি করতেন কি না, তা নিশ্চিত নন। বরং তিনি সম্ভবত তা করতেন না—এমন মন্তব্য করেন।

নাথানিয়ালের বাবা বার্তা সংস্থা এপিকে বলেন, ছেলেকে বাঁচানোর জন্য তিনি রায়ডারের কাছে চিরকৃতজ্ঞ। রায়ডার যা করেছেন, তার প্রতিদান কখনো দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিশুটিকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়া রায়ডারের সাহসিকতার ঘটনাটি এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক প্রশংসা পেয়েছে।