ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোররাতে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ‘শিখাইল’ নামের একটি আবাসিক হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে হোটেলের ভেতর থেকে দগ্ধ অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে বলে জানা গেছে।
তবে কী কারণে হোটেলের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
ঘটনার পর হোটেল মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চালানোর পাশাপাশি তার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ।
নিহতদের পরিচয় ও তাদের বাংলাদেশে কোন এলাকার বাসিন্দা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কলকাতায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।