সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় সেরার মুকুট অর্জন করেন তিনি।
রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী নুরুদ্দিন জাকারিয়া এবারের প্রতিযোগিতায় ১৫ পারা কোরআন হিফজভিত্তিক বিভাগে অংশ নেন। এ শাখায় পবিত্র কোরআন মুখস্থ করার পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত, তাজবিদ ও পাঠের দক্ষতার ওপর প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। একাধিক ধাপের কঠিন বাছাই পেরিয়ে শেষ পর্যন্ত প্রথম স্থান নিশ্চিত করেন বাংলাদেশি এই তরুণ।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সৌদি ও আন্তর্জাতিক পর্যায়ের বিচারকরা প্রতিযোগীদের কোরআন হিফজ, তিলাওয়াত ও তাজবিদের দক্ষতা যাচাই করেন।
আয়োজকদের পক্ষ থেকে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে মোট ৫০ জন বিজয়ীকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। এবারের আসরে পুরস্কারের মোট অর্থমূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল।
প্রতিযোগিতায় সাফল্যের পর নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বলেন, পবিত্র কোরআনই তাকে একটি ছোট গ্রাম থেকে মক্কার পবিত্র নগরীতে নিয়ে এসেছে। মসজিদুল হারামে এসে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে একই মঞ্চে অংশ নেওয়াকে জীবনের অন্যতম বড় সম্মান ও স্মরণীয় অর্জন হিসেবে দেখছেন তিনি।
মক্কার পবিত্র ভূমিতে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় শীর্ষস্থান অর্জনের মাধ্যমে বাংলাদেশের জন্যও গৌরব বয়ে এনেছেন নুরুদ্দিন জাকারিয়া। তার এই অর্জন দেশের কোরআন শিক্ষা, হিফজ ও মাদরাসা অঙ্গনের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।