দীর্ঘ প্রায় ৩৫ বছর পর একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে তিনি ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শুরু হয়। গণনা শেষে নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।
তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।
ফল ঘোষণার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন। দীর্ঘ সময় পর রাষ্ট্রপতি পদে সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হওয়ায় এবারের নির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্য বহন করছে।
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেন। এবারের ভোটার তালিকায় ৩৪৯ জন সংসদ সদস্যের নাম ছিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ ভবনে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন নিয়ে রাষ্ট্রপতি পদে আসীন হচ্ছেন তিনি।