বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।
ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপথ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনীতিক ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকা যানজটমুক্ত রাখা এবং আমন্ত্রিত অতিথিদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আজ দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন সংলগ্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নির্দেশনা অনুযায়ী, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) ও রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত সকল প্রকার যানবাহন প্রবেশ নিষিদ্ধ থাকবে। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সকল বাস দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে অথবা বিকল্প সড়ক ব্যবহার করবে। দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আগত যানবাহনগুলো জিরো পয়েন্টে ইউটার্ন না করে বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর অথবা জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক হয়ে চলাচল করবে।
তবে এই নিষেধাজ্ঞা শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সাময়িক এই যান নিয়ন্ত্রণের কারণে নগরবাসীর সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএমপি এবং নির্ধারিত সময়ে উক্ত এলাকার সড়ক পরিহার করে বিকল্প রুট ব্যবহারের জন্য সবার সহযোগিতা কামনা করেছে।