নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতরা হলো – ওজাইফা (১০), আফসা (১২), রিয়া মনি (৮) ও রুবাইয়া (৮)। তাদের সবার বাড়ি দুপ্তারা খানপাড়া এলাকায়। নিহতদের মধ্যে ওজাইফার বাবা আলআমিন, আফসার বাবা মুন্না, রিয়া মনির বাবা জাহাঙ্গীর এবং রুবাইয়ার বাবা রাকিব। তারা সবাই স্থানীয় স্কুলের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে শিশুদের বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে মুন্নার বাড়ির পাশের পুকুরপাড়ে শিশুদের জুতা-স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে নেমে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন। উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, চার শিশুই হাসপাতালে আনার আগেই মারা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরপাড়ে খেলতে গিয়ে চারজনের মধ্যে একজন পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বাকিরাও পানিতে পড়ে যায়। উদ্ধারের সময় দেখা যায়, সবার বড় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েটির পা ধরে ছিল আরও দুই শিশু। ধারণা করা হচ্ছে, একে একে শিশুরা তলিয়ে যাওয়ার পর বড় মেয়েটি উদ্ধার করতে পানিতে নামলে দুই শিশু তার পা জড়িয়ে ধরে, এতে চারজনই পানিতে তলিয়ে মারা যায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।