ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডামুড্যায় পাগলা কুকুরের কামড়ে ১৩ জন রক্তাক্ত, হুইপ অপুর নির্দেশে রাতারাতি ভ্যাকসিন সরবরাহ

শরীয়তপুরের ডামুড্যায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সরাসরি নির্দেশনায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত রেবিস ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।

ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ূবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হুইপ অপুর নির্দেশনায় উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে ভ্যাকসিন সরবরাহের ব্যবস্থা করেছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে ডামুড্যা পৌরসভার ৩ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর অতর্কিতভাবে পথচারীদের কামড়াতে শুরু করে। এতে অন্তত ১৩ জন আহত হন। তাদের মধ্যে ১০ জন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

ইউএনও বলেন, কুকুরের কামড়ে আহতদের দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রেবিস ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এদিকে পাগলা কুকুরটি এখনো এলাকায় ঘোরাফেরা করায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কুকুরটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।