দীর্ঘ ২৫ বছর একই মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেছেন মাওলানা আবুল হোসেন। দীর্ঘদিনের দায়িত্ব শেষে প্রিয় ইমামকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে ব্যতিক্রমী আয়োজনে বিদায় দিয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের নয়ান মাদবর কান্দি খানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লি ও এলাকাবাসী।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় মুসল্লি, মসজিদ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ।
মাওলানা আবুল হোসেন টানা ২৫ বছর ধরে ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা ও তারাবিহসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমে ইমামতি করেছেন। পাশাপাশি স্থানীয় মানুষকে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিষয়ে পরামর্শ দিয়েছেন। দীর্ঘদিন একই এলাকায় দায়িত্ব পালনের ফলে মুসল্লি ও বাসিন্দাদের সঙ্গে তার গড়ে ওঠে পারিবারিক ও আত্মিক সম্পর্ক।
বিদায়ের সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হতে দেখা যায়। পরে স্থানীয়রা ফুলেল ভালোবাসা ও সম্মানের সঙ্গে মাওলানা আবুল হোসেনকে ঘোড়ার গাড়িতে তুলে দেন। ঘোড়ার গাড়িতে করে ইমামের বিদায়ের দৃশ্য দেখতে আশপাশের মানুষও সেখানে জড়ো হন।
মাওলানা আবুল হোসেন বলেন, “এই মসজিদের সঙ্গে আমার জীবনের ২৫টি বছর জড়িয়ে আছে। এখানকার মুসল্লি ও এলাকাবাসীর কাছ থেকে সবসময় ভালোবাসা ও সম্মান পেয়েছি। বিদায়ের সময় তারা যেভাবে আমাকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন, তা আমার কাছে অত্যন্ত আবেগের। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও তাদের জন্য দোয়া করব।”
স্থানীয় ইউপি সদস্য কালাম খান বলেন, “হুজুর আমাদের কাছে শুধু একজন ইমাম ছিলেন না, তিনি ছিলেন পরিবারের একজন অভিভাবকের মতো। দীর্ঘ ২৫ বছর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তিনি আমাদের মসজিদে দায়িত্ব পালন করেছেন। তার বিদায়ে আমরা কষ্ট পেয়েছি।”
আয়োজক রবিউল ইসলাম রাব্বি বলেন, “হুজুরের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ধর্মীয় বিষয় ছাড়াও বিভিন্ন সামাজিক বিষয়ে তিনি আমাদের পরামর্শ দিয়েছেন। তাকে ঘোড়ার গাড়িতে করে বিদায় দিতে পেরে আমরা আনন্দিত। একই সঙ্গে বিদায়ের সময় মনও ভার হয়ে এসেছে।”
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. জইনুদ্দিন খান বলেন, “মাওলানা আবুল হোসেন দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে ইমামতির দায়িত্ব পালন করেছেন। তার প্রতি মুসল্লি ও এলাকাবাসীর গভীর ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী বিদায়ের আয়োজন করা হয়েছে।”
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের পরিচিত ও প্রিয় একজন ধর্মীয় ব্যক্তিত্বকে এভাবে বিদায় দিতে পেরে তারা যেমন আনন্দিত, তেমনি তার চলে যাওয়ায় কষ্টও পেয়েছেন। ঘোড়ার গাড়িতে করে ইমামের বিদায়ের এ আয়োজন স্থানীয়দের মধ্যে বিশেষভাবে আলোচনার সৃষ্টি করেছে।