ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর চেয়ারম্যান থেকে বঙ্গভবন, মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা

ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতি থেকে জাতীয় রাজনীতির কেন্দ্র, সংসদ ও মন্ত্রিসভা হয়ে এবার বঙ্গভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক জীবনে শিক্ষকতা, সরকারি চাকরি, পৌর চেয়ারম্যানের দায়িত্ব, সংসদ সদস্য ও মন্ত্রিত্বের পাশাপাশি বিএনপির মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। আন্দোলন, মামলা ও কারাবাসের কঠিন সময়ও পেরিয়েছেন এই প্রবীণ রাজনীতিক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট-সমর্থিত প্রার্থী ও এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার বাবা মির্জা রুহুল আমিন ‘চখা মিয়া’ নামে পরিচিত ছিলেন এবং রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার চাচা মির্জা গোলাম হাফিজও ছিলেন জাতীয় পর্যায়ের রাজনীতিক এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার। ফলে ছোটবেলা থেকেই রাজনৈতিক পরিবেশের সঙ্গে তার পরিচয় তৈরি হয়।

ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক শিক্ষা শেষ করে ঢাকায় আসেন মির্জা ফখরুল। ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। ষাটের দশকে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল ইউনিটের সাধারণ সম্পাদক এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। আইয়ুববিরোধী আন্দোলনের সময় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় কারাবরণও করতে হয় তাকে।

বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে সরাসরি দলীয় রাজনীতিতে না গিয়ে শিক্ষকতা পেশায় যোগ দেন তিনি। ১৯৭২ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। একসময় ঠাকুরগাঁও সরকারি কলেজেও অর্থনীতি পড়িয়েছেন।

শিক্ষকতার পাশাপাশি সরকারি প্রশাসনের সঙ্গেও যুক্ত ছিলেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এস এ বারির সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর এবং ইউনেসকোর বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল বলে বিভিন্ন জীবনীমূলক প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এর দুই বছর পর, ১৯৮৮ সালের পৌর নির্বাচনে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘সাইকেল’ প্রতীকে নির্বাচন করে জয়ী হন। স্থানীয় সরকারের এই দায়িত্বই তাকে জাতীয় রাজনীতিতে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে দেয়।

নব্বইয়ের দশকের শুরুতে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন মির্জা ফখরুল। ১৯৯২ সালে তাকে ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি করা হয়। এর আগে ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ১৯৯৬ সালের নির্বাচনেও একই আসনে জয় পাননি তিনি।

অবশেষে ২০০১ সালের জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়ে প্রথমবারের মতো জাতীয় সংসদে প্রবেশ করেন মির্জা ফখরুল। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। পরে ২০০৫ সালের নভেম্বরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০০৬ সালে সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন।

এরপর তার রাজনৈতিক ভূমিকা ক্রমে বিএনপির সাংগঠনিক নেতৃত্বের দিকে বিস্তৃত হয়। ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২০১১ সালে তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। প্রায় পাঁচ বছর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৬ সালের মার্চে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নির্বাচিত হন।

দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপির অন্যতম প্রধান মুখ হিসেবে আন্দোলন, নির্বাচন, মামলা ও সাংগঠনিক সংকটের সময় দলকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বগুড়া-৬ আসনে জয় পেলেও দলীয় সিদ্ধান্তে সংসদ সদস্য হিসেবে শপথ নেননি।

২০২৩ সালের শেষ দিকে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাতের পর গ্রেপ্তার হন মির্জা ফখরুল। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের সময়ও তিনি কারাগারে ছিলেন। এমনকি কারাগারেই তার ৭৬তম জন্মদিন কাটে।

২০২৬ সালের জাতীয় নির্বাচনে আবারও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয়ী হন তিনি। জেলা নির্বাচন কার্যালয়ের হিসাবে মির্জা ফখরুল পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পান। একই সঙ্গে বিএনপির মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

এরপর ১৩ আগস্ট বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের উচ্চপর্যায়ের বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করার সিদ্ধান্ত হয়। মনোনয়ন পাওয়ার পর তিনি বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পরে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়।

যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ও কর্নেল (অব.) অলি আহমদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। অলি আহমদ পান ৮৮ ভোট।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে ভোট দেওয়ার কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে মির্জা ফখরুল বলেন, জীবনে অনেক কিছু মিস করবেন। একই সঙ্গে তিনি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথা জানান।

শ্রেণিকক্ষের শিক্ষকতা থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান, জাতীয় সংসদ, মন্ত্রিসভা ও বিএনপির মহাসচিবের দায়িত্ব—দীর্ঘ রাজনৈতিক ও পেশাগত পথ পেরিয়ে এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় শপথ গ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।