ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটি শেষে কর্মস্থলে ফেরা হলো না পুলিশ কর্মকর্তার

শরীয়তপুরে নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক মো. আবির হোসেন ছুটিতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আবির হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে।

পরিবার ও নড়িয়া সার্কেল অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুই দিনের ছুটি নিয়ে নিজ বাড়িতে যান পুলিশ পরিদর্শক মো. আবির হোসেন। রোববার তার কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল। বাড়িতে বিদ্যুতের কাজ চলমান থাকায় দুপুরে তা দেখতে ছাদে যান তিনি।

নিহতের এক বোন বলেন, আমার ভাই বাড়িতে একাই ছিলেন। বাড়িতে বিদ্যুতের কাজ চলছিল। কাজ দেখতে তিনি ছাদে যান। এ সময় একজন মিস্ত্রি বিদ্যুতায়িত হলে তাকে দেখে আমার ভাই সঙ্গে সঙ্গে স্ট্রোক করেন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, তিনি দুই দিনের ছুটি নিয়ে ফরিদপুরের নিজ বাড়িতে গিয়েছিলেন। আগামীকাল তার কর্মস্থলে ফেরার কথা ছিল। কিন্তু আজ দুপুরে তার মৃত্যুর সংবাদ পেয়েছি। তিনি আগে থেকেই স্ট্রোকের রোগী ছিলেন। তার মৃত্যুতে নড়িয়া সার্কেল অফিস গভীরভাবে মর্মাহত।