খুলনার ডুমুরিয়ায় সরকারি অর্থের সঠিক ব্যবহারের একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দুটি খাল পুনঃখনন প্রকল্পে বরাদ্দের অর্থ থেকে ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা ব্যয় না হওয়ায় তা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের তদারকি ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নজরদারিতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে অব্যবহৃত অর্থ ফেরত দেওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, সরকারি প্রকল্পে এমন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হলে অর্থের অপচয় অনেকটাই কমানো সম্ভব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ডুমুরিয়ার রঘুনাথপুর ও সাহস ইউনিয়নে দুটি খাল পুনঃখননের জন্য মোট ৩ কোটি ৯ লাখ ৬ হাজার ৭৬৯ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা থেকে বিল ডাকাতিয়া হয়ে রংপুর সাড়াতলা দক্ষিণ পাশের আশি ফুট পর্যন্ত এবং সাহস ইউনিয়নের ডোলভাঙ্গা খাল থেকে কাঠবুনিয়া বড় দোয়ানে হয়ে তেলিখালি গেট অভিমুখে ভদ্রা নদী পর্যন্ত খননকাজ করা হয়।
প্রকল্পের উদ্দেশ্য ছিল একদিকে অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, অন্যদিকে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত করা। খাল পুনঃখননের পাশাপাশি প্রকল্প এলাকায় প্রায় ৫ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রকল্পের আওতায় শ্রমিকদের মজুরি, যন্ত্রপাতি ব্যবহার, পরিবহনসহ বিভিন্ন প্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করা হয়। কাজের পরিমাণ ও প্রয়োজনীয় ব্যয়ের হিসাব শেষে বরাদ্দের ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা অব্যবহৃত থেকে যায়। পরে সরকারি আর্থিক বিধিমালা অনুসরণ করে ওই অর্থ কোষাগারে ফেরত দেওয়া হয়।
ডুমুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আরিফ হোসেন বলেন, দুটি খাল পুনঃখননের জন্য ৩ কোটি ৯ লাখ ৬ হাজার ৭৬৯ টাকা বরাদ্দ ছিল। প্রকল্পের প্রয়োজনীয় ব্যয় মেটানোর পর ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা অবশিষ্ট থাকে। বিধি অনুযায়ী পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তবে প্রকল্পের সব কাজ নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শেষ করা সম্ভব হয়নি। অতিবৃষ্টি ও মাটির প্রকৃতিগত সমস্যার কারণে রঘুনাথপুর ইউনিয়নের কৃষ্ণনগর নিমতলা খালের নির্ধারিত ৭ কিলোমিটারের মধ্যে ৫ দশমিক ১ কিলোমিটার খনন করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত জেলা ও উপজেলা পর্যায়ের তদারকি কমিটি কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছে। বাস্তবায়িত কাজের পরিমাণ, ব্যয় এবং প্রকল্পের অগ্রগতি নিয়মিতভাবে পর্যালোচনা করা হয়েছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার বলেন, ‘সরকারি প্রকল্পের প্রতিটি টাকা জনগণের টাকা। তাই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। নিয়ম অনুযায়ী যতটুকু কাজ হয়েছে, ঠিক ততটুকুরই বিল পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট ১ কোটি ৩৬ লাখ ৩১ হাজার ১৯ টাকা বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের ভাষ্য, সরকারি প্রকল্পে বরাদ্দের অর্থ অপ্রয়োজনীয়ভাবে ব্যয় না করে অব্যবহৃত টাকা ফেরত দেওয়ার ঘটনা প্রশংসনীয়। তাদের মতে, প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে নিয়মিত নজরদারি ও জবাবদিহিতা থাকলে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব।
এদিকে খাল দুটি পুনঃখননের ফলে এলাকার পানি নিষ্কাশনব্যবস্থা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমার পাশাপাশি কৃষিজমিতে সেচ সুবিধা বাড়তে পারে। দ্রুত পানি নিষ্কাশনের সুযোগ তৈরি হলে কৃষি উৎপাদন ও স্থানীয় জনজীবনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারি অর্থের যথাযথ ব্যবহার, কাজের পরিমাণ অনুযায়ী বিল পরিশোধ এবং অব্যবহৃত অর্থ কোষাগারে ফেরত দেওয়ার ঘটনায় ডুমুরিয়ার এ প্রকল্প স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে।