ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আহত ২০ জনের বেশি

জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রোববার ভোরে ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এর পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। জাপানের ৭ মাত্রার তীব্রতা স্কেলে ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকায় এবং টোকিওর কিছু অংশে ৫-এর নিচে তীব্রতা রেকর্ড করা হয়েছে।

ভূমিকম্পে সাইতামা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে ২০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে সাইতামায় এক তরুণ ও ৭০ বছরের বেশি বয়সী এক নারী রয়েছেন। কানাগাওয়ায় ৯ জন এবং চিবায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের প্রভাবে বিভিন্ন ট্রেন পরিষেবা বিলম্বিত হয়েছে। কিছু ট্রেন কম গতিতে চলেছে এবং তোবু রেলওয়ের কয়েকটি এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়।

ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই এবং জনগণকে দ্রুত তথ্য জানানোর নির্দেশ দিয়েছেন।

জাপানের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, আগামী এক সপ্তাহ, বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিনে একই ধরনের শক্তিশালী ভূমিকম্প হতে পারে। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভূমিকম্পের কম্পন উত্তর-পূর্ব ও মধ্য জাপানসহ দেশটির বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে।