ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সংগঠনের নতুন কমিটি

স্পেনের বার্সেলোনায় প্রবাসী শরীয়তপুরবাসীদের সংগঠন ‘শরীয়তপুর জেলা সংগঠন, বার্সেলোনা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে জাকির হোসেন খানকে সভাপতি এবং সারোয়ার হিরণকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
২০১১ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির নতুন কমিটি গঠন উপলক্ষে সম্প্রতি বার্সেলোনায় নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ সুলতান হোসেন বেপারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমিন।
আলোচনা সভায় বার্সেলোনায় বসবাসরত বিভিন্ন জেলা সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
সভায় বক্তারা প্রবাসে বসবাসরত শরীয়তপুরবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেন। পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনে সম্মিলিতভাবে পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে মতামত তুলে ধরেন তাঁরা।
আলোচনা শেষে সংগঠনের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে হাজী মোহাম্মদ সুলতান হোসেন বেপারীকে প্রধান উপদেষ্টা, জাকির হোসেন খানকে সভাপতি, সারোয়ার হিরণকে সাধারণ সম্পাদক এবং আল আমিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন খান ও সাধারণ সম্পাদক সারোয়ার হিরণ বলেন, প্রবাসে শরীয়তপুরবাসীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা আরও বাড়ানোই তাঁদের প্রধান লক্ষ্য। সংগঠনের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কাজ করার পাশাপাশি যেকোনো সংকট বা প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে।
তাঁরা আরও বলেন, নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি বার্সেলোনায় বসবাসরত শরীয়তপুরের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্প্রীতি বাড়াতে উদ্যোগ নেবে।
নৈশভোজ ও আলোচনা সভায় বিভিন্ন জেলা সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।