ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ, বাড়িতে নিরাপত্তা জোরদার

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় আজ সোমবার (২৪ আগস্ট) ঘোষণা করবেন হাইকোর্ট।

রায়কে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নুসরাতের সোনাগাজীর বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

এ প্রসঙ্গে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসিম বলেন, নুসরাত হত্যা মামলার আপিলের রায়কে কেন্দ্র করে তার ভাই মাহমুদুল হাসান নোমানের আবেদনের প্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগে তাদের বাড়িতে দুইজন পুলিশ সর্বদা নিরাপত্তায় নিয়োজিত ছিল, বর্তমানে সেখানে আরও ৭ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

নিরাপত্তা বিঘ্নের কোনো শঙ্কা আছে কি না— এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত আশঙ্কাজনক পরিস্থিতির কোনো তথ্য নেই। বাড়তি নিরাপত্তায় নুসরাতের পরিবার স্বস্তিতে আছে।

এদিকে আজ হাইকোর্টের রায়ে বিচারিক আদালতের দেওয়া ১৬ আসামির মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, নাকি সাজায় কোনো পরিবর্তন আসবে, সেদিকেই নজর পরিবার ও স্থানীয়দের।

নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়ে নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, আমরা চাই ন্যায়বিচার প্রতিষ্ঠায় পূর্বের রায় বহাল থাকুক। হত্যায় জড়িত আসামিরা আইনের ফাঁকফোকরে যেন পার পেয়ে না যায়। আমাদের একটাই দাবি ন্যায়বিচার। রায়কে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা জোরদার করায় সন্তুষ্ট, তবে শঙ্কামুক্ত নই, কারণ বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হয়।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শেষ হয়। পরে আদালত ২৪ আগস্ট রায়ের দিন ধার্য করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামি হলেন— সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত অধ্যক্ষ সিরাজ উদদৌলা, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি রুহুল আমিন, পৌরসভার তৎকালীন কাউন্সিলর মাকসুদুল আলম, শিক্ষক হাফেজ আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, ছাত্র নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মণি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।