ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে মহাসড়ক অবরোধ করে যুবলীগের বিক্ষোভ, আটক ৩

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ১ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিওতে ওই বিক্ষোভ মিছিলের দৃশ্য দেখা যায়। ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তাদের মধ্যে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘আজকের এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে’—এ ধরনের স্লোগান ছিল।

স্থানীয় সূত্র ও ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, মিছিলে শতাধিক মানুষ অংশ নেন। তাদের হাতে থাকা ব্যানারে ‘১৫ আগস্ট শোক র‍্যালি’ লেখা ছিল। ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবিও দেখা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নির্দেশনায় এবং শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সংগঠক শেখ সেলিমের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ রাতুল (২৩), আল আমিন সরদার (২৬) ও রিয়াদ মুন্সি (৪৯) নামের তিনজনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনাস্থল নড়িয়া থানার আওতাধীন হওয়ায় আটক ব্যক্তিদের মোটরসাইকেলসহ নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে নড়িয়া থানা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।