ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাত্রী চাই’ নিয়ে বড় পর্দায় রাসেল মিয়া, সঙ্গী পলি

নতুন সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন চলচ্চিত্র অভিনেতা রাসেল মিয়া। এবার তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা পলি। দুজনকে নিয়ে নির্মিত নতুন সিনেমাটির নাম ‘পাত্রী চাই’। সিনেমাটির শুটিং শুরুর মধ্য দিয়ে ইতোমধ্যে চলচ্চিত্রটির নির্মাণকাজ এগিয়ে চলছে।
চলচ্চিত্রের প্রচারণায় বরাবরই ব্যতিক্রমী কৌশলের জন্য আলোচনায় থাকেন রাসেল মিয়া। সিনেমা মুক্তির আগে প্রচলিত ধারার বাইরে গিয়ে নানা উদ্যোগ নেন তিনি। কখনো ভ্যানগাড়িতে সিনেমার পোস্টার নিয়ে মাইকিং করেছেন, আবার কখনো পথশিশু ও অসহায় মানুষের জন্য নিজ হাতে রান্না করে খাবার পরিবেশন করে সিনেমার প্রচারণায় যুক্ত করেছেন মানবিকতার বার্তা।
এবার অভিনয়ে নতুন জুটি হিসেবে দর্শকদের সামনে আসছেন রাসেল মিয়া ও পলি। সম্প্রতি ঢাকার পুবাইলে ‘পাত্রী চাই’ সিনেমার শিরোনাম গানের দৃশ্য ধারণের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হয়েছে।
তারারদেশ লিমিটেডের প্রযোজনা ও পরিবেশনায় নির্মিত সিনেমাটির পরিচালনায় রয়েছেন রিদম খান শাহীন। নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটিতে থাকছে তিনটি গান। গানগুলোর কথা ও সুর করেছেন শিমুল মাহমুদ। পাশাপাশি সিনেমাটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি।
সিনেমাটি নিয়ে আশাবাদী প্রযোজক শিমুল মাহমুদ। তিনি বলেন, দেশের চলচ্চিত্র অঙ্গনে চলমান মন্দাভাব কাটিয়ে দর্শকদের আবারও প্রেক্ষাগৃহমুখী করতে ভালো গল্প ও মানসম্মত সিনেমা নির্মাণের বিকল্প নেই। এ জন্য চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি একে অন্যের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
শিমুল মাহমুদের প্রত্যাশা, ‘পাত্রী চাই’ দর্শকদের বিনোদনের পাশাপাশি দেশীয় চলচ্চিত্রের প্রতি নতুন করে আগ্রহ তৈরি করবে। তাঁর দাবি, সিনেমাটির গল্প সম্পূর্ণ মৌলিক এবং দর্শকদের জন্য এতে নতুনত্ব থাকবে।
নিজের নতুন সিনেমা প্রসঙ্গে রাসেল মিয়া বলেন, একটি ভালো চলচ্চিত্র নির্মাণের পেছনে পুরো টিমের সম্মিলিত শ্রম ও নিষ্ঠা প্রয়োজন। ‘পাত্রী চাই’কে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলতে তিনি ও তাঁর সহকর্মীরা আন্তরিকভাবে কাজ করছেন।
সিনেমাটির গল্প, গান ও অভিনয়শিল্পীদের সমন্বয়ে দর্শকদের জন্য নতুন ধরনের বিনোদন উপহার দেওয়াই নির্মাতা ও সংশ্লিষ্টদের লক্ষ্য। শুটিং শেষ করে পরবর্তী ধাপে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হবে বলে জানা গেছে।