চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ সরকার বেশ কিছুটা এগিয়েছে। এ বিষয়ে একটি খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনের জে-১০ যুদ্ধবিমানের যুদ্ধ সক্ষমতা নিয়ে যে অভিজ্ঞতা পাওয়া গেছে, সেটিও বাংলাদেশের আগ্রহের অন্যতম কারণ। তার দাবি, ওই সংঘাতে জে-১০ যুদ্ধবিমান রাফালের বিরুদ্ধে কার্যকর সক্ষমতা দেখিয়েছে।
তিনি বলেন, রাফালকে ৪.৫ প্রজন্মের অন্যতম আধুনিক যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। এর বিপরীতে চীনের জে-১০ সিরিজের যুদ্ধবিমান বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ভালো পারফরম্যান্স দেখিয়েছে বলে বাংলাদেশ বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।
তথ্য উপদেষ্টার ভাষ্য, জে-১০সিই একটি মাল্টিরোল ফাইটার, যা বিভিন্ন ধরনের সামরিক অভিযানে ব্যবহারের উপযোগী। বাংলাদেশ এ যুদ্ধবিমান সংগ্রহের বিষয়ে ইতোমধ্যে কার্যকরভাবে এগিয়ে যাচ্ছে এবং এ নিয়ে খসড়া চুক্তিও প্রস্তুত করা হয়েছে।
যুদ্ধবিমানের সম্ভাব্য দামের বিষয়ে তিনি বলেন, একই ধরনের সক্ষমতার ইউরোপীয় যুদ্ধবিমান, যেমন রাফাল বা ইউরোফাইটার টাইফুনের তুলনায় চীনের তৈরি যুদ্ধবিমানের দাম তুলনামূলকভাবে কম। ফলে ব্যয় বিবেচনাতেও জে-১০সিই বাংলাদেশের জন্য আকর্ষণীয় বিকল্প হতে পারে।