ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণার মামলায় গুলশান থেকে গ্রেপ্তার বিদিশা

প্রতারণার একটি মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় বিদিশাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় আদালত তাকে দুই বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় মামলাটি করেন। অভিযোগে বলা হয়, বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। পরের বছরের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা থাকলেও তা আর দেওয়া হয়নি।

পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার জন্য বিদিশার দেওয়া ৭৫ লাখ টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হলে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়। পাওনা টাকা ফেরত চাইতে গেলে হুমকি দেওয়ার অভিযোগও মামলায় উল্লেখ করা হয়।

এ মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। এরপর আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বিদিশাকে আটক করে পুলিশ।