খুলনায় দ্রুত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সরকারি-বেসরকারি চিকিৎসাকেন্দ্রগুলোতে তৈরি হয়েছে অতিরিক্ত চাপ। অনেক হাসপাতাল ও ক্লিনিকের শয্যা পূর্ণ হয়ে যাওয়ায় রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ। কোথাও শয্যা না পেয়ে বারান্দা ও করিডোরেও চিকিৎসা নিতে দেখা যাচ্ছে ডেঙ্গু আক্রান্তদের।
গত ২৪ ঘণ্টায় খুলনার বিভিন্ন হাসপাতালে নতুন করে ১৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ১৬৬ জন এবং জেলার অন্যান্য হাসপাতালে আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রোগীর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু আক্রান্ত ও ঝুঁকিতে থাকা নগরবাসীর পাশে দাঁড়াতে বিনামূল্যে চিকিৎসাসেবা চালু করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। নগরীর তিনটি স্থানে স্থাপন করা হয়েছে বিশেষ মেডিকেল ক্যাম্প।
কেসিসির উদ্যোগে ১৭ নম্বর ওয়ার্ডের সোনাডাঙ্গা আবু বক্কর খান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২২ নম্বর ওয়ার্ডের রূপসা বেড়িবাঁধ এলাকার আবু মাদরাসা ও এতিমখানা এবং ৩০ নম্বর ওয়ার্ডের টুটপাড়া তালতলা মাতৃসদন হাসপাতালে এসব ক্যাম্প পরিচালিত হচ্ছে।
মশক নিধনে বিএনপির কর্মসূচি
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নগরীর প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে ফগার মেশিন ব্যবহার করে মশা নিধন, স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে জলাশয় পরিষ্কার, জলাবদ্ধতা দূর করা, মাইকিং এবং সচেতনতামূলক লিফলেট বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে।
এ ছাড়া ডেঙ্গু রোগীদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ম্যাচিং, ডায়াগনস্টিক সহায়তা এবং রক্ত সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
খুলনা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।
তিনি বলেন, মশক নিধনের পাশাপাশি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। রোগীদের চিকিৎসকের পরামর্শ, প্রয়োজন অনুযায়ী ওষুধ সরবরাহ এবং তাদের শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ রাখার ব্যবস্থাও করা হয়েছে।
শফিকুল আলম মনা আরও জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মহানগরের প্রতিটি আক্রান্ত থানা এলাকায় অন্তত ৫০ শয্যার একটি কেন্দ্রীয় সেবাকেন্দ্র প্রস্তুতের পরিকল্পনা রয়েছে। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় বড় ওয়ার্ডে ২০ শয্যার সেবাকেন্দ্র স্থাপন করা হবে। ছোট দুটি ওয়ার্ড মিলিয়েও একই সক্ষমতার সেবাকেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে।
পরিকল্পিত সেবাকেন্দ্রগুলোতে চিকিৎসক, স্বাস্থ্য সহকারী ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি রক্তের গ্রুপ ম্যাচিংয়ের সুবিধা থাকবে। প্রতিটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হটলাইন নম্বর প্রকাশ করা হবে। সার্বক্ষণিক সেবা দিতে স্বেচ্ছাসেবীদের একটি দলও দায়িত্ব পালন করবে।
উদ্যোগগুলো বাস্তবায়ন ও তদারকির জন্য খুলনা মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয়ে পরিচালনা ও তদারকি পর্ষদ গঠন করা হয়েছে। মেডিকেল পর্ষদের চিকিৎসাসেবা সমন্বয় করবেন ডা. রফিকুল ইসলাম বাবলু। ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সমন্বয় করবেন মাসুদ পারভেজ বাবু।
সার্বিক ব্যবস্থাপনার জন্য গঠিত উচ্চপর্যায়ের কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপিকে।
খুলনাকে মহামারি এলাকা ঘোষণার দাবি
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় দ্রুত খুলনাকে মহামারি এলাকা ঘোষণা করে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, ডেঙ্গুর ভয়াবহ প্রকোপের কারণে খুলনা মেডিকেল কলেজ ও জেনারেল হাসপাতালে শয্যা সংকট তৈরি হয়েছে। অনেক রোগীকে মেঝে, বারান্দা ও সিঁড়ির করিডোরে চিকিৎসা নিতে হচ্ছে। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতেও রোগীর চাপ ক্রমেই বাড়ছে।
রোগী ও স্বজনদের আর্থিক দুর্ভোগ কমাতে খুলনার সরকারি-বেসরকারি সব হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে রক্ত পরীক্ষা, প্লাটিলেট সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. মো. নাসির উদ্দীন, সহসভাপতি মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মো. জামাল মোড়ল, মো. সিরাজ উদ্দিন সেন্টু, অধ্যক্ষ এস এম সাইফুদ্দোহা, তালুকদার মো. হেলালুজ্জামান, মো. কামরুল ইসলাম কামু, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মদ আলী, শেখ মনিরুজ্জামান এলু, মো. কামরুল ইসলাম ভুট্টো, জিএম মইন উদ্দিন, মো. রাসেল শেখ, কাওসারি জাহান মঞ্জু ও মো. সাকিল আহমেদ রাজাসহ অন্য নেতারা স্বাক্ষর করেন।
ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে একদিকে হাসপাতালগুলোতে রোগীর চাপ সামলানোর চ্যালেঞ্জ, অন্যদিকে মশক নিধন ও জনসচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা—দুই দিকেই এখন জোর দেওয়ার দাবি উঠেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।