ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পালানোর অভিযোগে সিনিয়র সহকারী সচিব বরখাস্ত

দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। পালিয়ে যাওয়ার অভিযোগে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে তার বরখাস্ত কার্যকর করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সিনিয়র সহকারী সচিব মনিরুজ্জামান বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিযুক্ত ছিলেন।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য মনিরুজ্জামানকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। ওই বছরের ৩১ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাকে অবমুক্ত করা হলেও ২১ ডিসেম্বর পর্যন্ত তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগ দেননি।

বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবহিত করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়। এরপর মন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ২০২৫ সালের ১১ ফেব্রুয়ারি তাকে ওএসডি করা হলেও তিনি মন্ত্রণালয়েও যোগ দেননি।

২০২৪ সালের ১ নভেম্বর থেকে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কর্মস্থলে যোগ না দেওয়ায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে ২০২৫ সালের ২২ এপ্রিল বিভাগীয় মামলা হয়।

মনিরুজ্জামান ১ মে লিখিত জবাবে জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে অবমুক্ত হওয়ার পর ইউএনও হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তিনি যোগদান করেননি এবং ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে পারবেন না। এরপর তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

গত ২২ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান। এরপর কেন তাকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হবে না, তা জানতে চেয়ে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ জারির সিদ্ধান্ত হয়। গত ৬ নভেম্বর তার স্থায়ী ঠিকানা ও ব্যক্তিগত ই-মেইলে তদন্ত প্রতিবেদনসহ নোটিশ পাঠানো হলেও তিনি জবাব দেননি। পরে সরকারি কর্ম কমিশনের পরামর্শ নিয়ে গুরুদণ্ড হিসেবে পলায়নের তারিখ অর্থাৎ ২০২৪ সালের ১ নভেম্বর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ বিষয়ে রাষ্ট্রপতির সম্মতি রয়েছে।