ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যানসারে প্রাণ গেল সাবেক যুবদল নেতার, শেষ দুই মাস ওষুধও কিনতে পারেনি পরিবার

দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা গেছেন শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি মনির হোসেন মাঝি। চিকিৎসার পেছনে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করার পরও শেষ পর্যন্ত অর্থাভাবে জীবনের শেষ দুই মাস প্রয়োজনীয় ওষুধ নিয়মিত কিনতে পারেননি বলে জানিয়েছে তার পরিবার।

মনির হোসেন মাঝির মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে তার মৃত্যুর চেয়েও বড় সংকট এখন পরিবারে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই সন্তানের পড়াশোনা ও পরিবারের দৈনন্দিন খরচ চালানো নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন স্বজনরা।

শরীয়তপুর সদর উপজেলার হাজরাসার গ্রামের কৃতিনাশা নদীর পাড়ের কৃষক পরিবারে জন্ম মনির হোসেন মাঝির। স্কুলজীবনেই ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন তিনি। একপর্যায়ে ছাত্রদলের সভাপতির দায়িত্বও পালন করেন। নব্বইয়ের দশকে কলেজে পড়ার সময় সক্রিয় রাজনীতিতে তার সম্পৃক্ততা আরও বাড়ে। পরবর্তী সময়ে দায়িত্ব পান শরীয়তপুর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতির।

রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি একাধিকবার কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। বিএনপির রাজনীতির কঠিন সময়েও রাজপথে সক্রিয় ছিলেন তিনি।

তবে ২০২৩ সালে ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা আসে। ফরিদপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে অবস্থানকালে খবর পান, তার স্ত্রী স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পরে মারা যান তিনি। স্ত্রীকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই পরের বছর নিজেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

২০২৪ সালে চিকিৎসকেরা তার ফুসফুসে ক্যানসার শনাক্ত করেন। এরপর শুরু হয় দীর্ঘ চিকিৎসা। পরিবারের ভাষ্য, দুই বছরে চিকিৎসা বাবদ ব্যয় হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। সঞ্চয়ের অর্থ শেষ হওয়ার পর চিকিৎসার খরচ জোগাতে বিক্রি করতে হয়েছে বাবার রেখে যাওয়া কৃষিজমিও।

কিন্তু তাতেও চিকিৎসার ব্যয় সামাল দেওয়া সম্ভব হয়নি। অর্থের সংকটে ক্যানসারের চিকিৎসা ধীরে ধীরে বন্ধ হয়ে আসে। পরিবারের দাবি, মৃত্যুর আগে শেষ দুই মাস প্রয়োজনীয় ওষুধও নিয়মিত কিনে দিতে পারেনি তারা।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর শেষ পর্যন্ত মারা যান মনির হোসেন মাঝি। তার মৃত্যুতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে তার দুই সন্তান। বড় ছেলে তাজমুল স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন। আর ছোট ছেলে স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্বজনদের আশঙ্কা, বাবাকে হারানোর পর তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া এবং পরিবারের নিত্যদিনের খরচ মেটানোই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয় যুবদল নেতা রুহুল আমিন ও সালাম মাঝি বলেন, দলের দুঃসময়ে মনির হোসেন মাঝি ছিলেন রাজপথের সক্রিয় কর্মী। আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে নানা ত্যাগ ও নির্যাতন সহ্য করেছেন তিনি।

তাদের ভাষ্য, দীর্ঘদিন দলের জন্য কাজ করা একজন তৃণমূল নেতার জীবনের শেষ সময়ে অর্থাভাবে চিকিৎসা ও ওষুধের সংকট তৈরি হওয়া অত্যন্ত কষ্টদায়ক। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে পরিবারটি প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।

মনির হোসেন মাঝির মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়েছে দীর্ঘ রাজনৈতিক জীবনের পথচলা। কিন্তু তার পরিবারে রেখে যাওয়া সংকটের যেন শেষ নেই। চিকিৎসার ব্যয় মেটাতে সম্পদ হারানোর পর এখন দুই সন্তানের ভবিষ্যৎ ও সংসারের দায়িত্ব কীভাবে চলবে—এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে স্বজনদের সামনে।