ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ, ভিডিও ভাইরাল

মাগুরায় সড়কে এক পুলিশ সদস্যের গতিরোধ করে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের বিপরীতে মাইক্রোস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হেনস্তার শিকার পুলিশ সদস্য মো. ইমরান হোসেন মাগুরা জেলা পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কমলা রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি কনস্টেবল ইমরান হোসেনের মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে সেটির চাবি নেওয়ার চেষ্টা করছেন। এ সময় তিনি উত্তেজিত হয়ে অন্যদের ডাকাডাকি করেন। একপর্যায়ে ওই ব্যক্তিকে পুলিশ সদস্যকে মারধর করতে এবং ঘটনার ভিডিও ধারণ করতে দেখা যায়।

স্থানীয় সূত্রের দাবি, নাঈমুজ্জামান নয়নের সঙ্গে এ সময় মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনও ছিলেন এবং হামলায় সহযোগিতা করেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে কী কারণে পুলিশ সদস্যের সঙ্গে এমন ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি শুক্রবারের ঘটনার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রকাশ্য সড়কে একজন পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার অভিযোগের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।