চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর শাখা মরা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই কন্যাশিশু। তারা হলো—চরচাকলা গ্রামের মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং মো. শরিফুল ইসলামের মেয়ে শরিফা (১১)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মরা নদীতে একসঙ্গে গোসল করতে নামে ওই পাঁচ শিশু। গোসলের একপর্যায়ে তাদের একজন পানিতে তলিয়ে যেতে শুরু করে। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অন্য শিশুরাও গভীর পানিতে নেমে পড়ে। মুহূর্তের মধ্যেই পাঁচজনই পানিতে ডুবে যায়।
বিষয়টি টের পেয়ে স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার অভিযান চালান। পরে একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, একই ঘটনায় পাঁচ শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। এমন হৃদয়বিদারক ঘটনা এর আগে এলাকায় ঘটেনি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসীম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন নিহত শিশুদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিবারগুলোর পাশে আরও সহায়তা নিয়ে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বাদ মাগরিব স্থানীয় কবরস্থানে পাঁচ শিশুর মরদেহ একসঙ্গে দাফন করার কথা রয়েছে।
পাঁচ শিশুর এমন আকস্মিক মৃত্যুতে চরচাকলা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।