ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসি প্রস্তুত, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল যে কোনো সময়

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রস্তুত রয়েছে এবং যে কোনো সময় তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।

তিনি জানান, চলতি বছরের নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। আইন সংশোধনসহ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ভোটকেন্দ্র ও ভোটার তালিকা চূড়ান্ত করার পর আচরণবিধি চূড়ান্ত করা হবে।

৩১ জুলাই পর্যন্ত যাদের বয়স ১৮ বছর হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন তালিকাভুক্ত এসব ভোটার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন।

এদিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে আসেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেস। পরে তিনি সাংবাদিকদের বলেন, জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন এবং এ নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ইউএনডিপি ও জাতিসংঘের সংস্থাগুলো কীভাবে নির্বাচন কমিশনকে আরও সহযোগিতা করতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।