নতুন পে-স্কেলের সুপারিশ করতে যাচ্ছে অর্থ মন্ত্রণালয়। দুই অর্থবছরে চার ধাপে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।
অনুমোদনের জন্য সুপারিশগুলো সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের কথা রয়েছে।
সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের কৌশল নেওয়া হচ্ছে। এর ব্যয় মূলত অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের মাধ্যমে নির্বাহ করার পরিকল্পনা রয়েছে। সরকারি কর্মচারীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ সামলাতেই এ পদ্ধতি নেওয়া হচ্ছে।
২০টি গ্রেড রেখেই নতুন পে-স্কেল চূড়ান্ত করার কাজ চলছে। তবে কর্মচারীদের পক্ষ থেকে বৈষম্য এড়াতে গ্রেডের সংখ্যা কমানোর দাবি রয়েছে।
সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন পে-স্কেলের গেজেট জারি হতে পারে। কর্মচারী ও পেনশনভোগী মিলিয়ে মোট সুবিধাভোগীর সংখ্যা ২০ লাখের কিছু বেশি হবে।
সচিব কমিটির প্রস্তাব অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে মূল বেতন এবং পরবর্তী অর্থবছরের ১ জুলাই থেকে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মূল বেতনের ৩০ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হবে। এরপর আরও ৩৫ শতাংশ আগামী বছরের শুরু থেকে কার্যকর করার প্রস্তাব রয়েছে। মূল বেতনের অবশিষ্ট অংশ পরবর্তী অর্থবছরের জুলাইয়ে এবং এরপর ওই অর্থবছরের জানুয়ারিতে ভাতাগুলো বাস্তবায়নের সুপারিশ করা হতে পারে।
অর্থাৎ, দুই অর্থবছরে মোট চার ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে।