বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে গিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং কবর জিয়ারত করেন। এ সময় দলের শীর্ষ নেতারাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে দলের নেতারা বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যয় নিয়েই দলটির যাত্রা শুরু হয়েছিল। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় বিএনপি কাজ করে যাচ্ছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠার ইতিহাস স্মরণ করার পাশাপাশি গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় পুনর্ব্যক্ত করছে দলটি।