ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ পেরোনোর আগেই উচ্চ রক্তচাপ, ঝুঁকিতে দেশের ৪৩ শতাংশ তরুণ

দেশে তরুণদের মধ্যেই বাড়ছে উচ্চ রক্তচাপের প্রবণতা। অনিয়মিত জীবনযাপন, রাত জাগা, অস্বাস্থ্যকর খাবার, স্থূলতা, ধূমপান ও দীর্ঘ সময় বসে থাকার মতো অভ্যাসের কারণে ৪০ বছর বয়সে পৌঁছানোর আগেই অনেকের শরীরে দেখা দিচ্ছে এই নীরব ঘাতক।

গবেষণার তথ্য অনুযায়ী, দেশের ৪৩ শতাংশ তরুণের রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি। তবে উদ্বেগের বিষয় হলো, তাদের বড় একটি অংশ নিজের ঝুঁকি সম্পর্কে সচেতন নন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছেন না।

মাত্র ২৫ বছর বয়সী রিফাত একটি মসজিদের মুয়াজ্জিন। অনিয়মিত ঘুম ও জীবনযাপনের কারণে এরই মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যায় পড়েছেন তিনি। একইভাবে ৩০ বছর বয়সী বেসরকারি চাকরিজীবী সোনামিয়ার চার বছর আগেই উচ্চ রক্তচাপ শনাক্ত হয়। কর্মব্যস্ততা ও মানসিক চাপের কারণে তিনি নিয়মিতভাবে রক্তচাপ নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্ব দিতে পারেননি।

বিশেষজ্ঞরা বলছেন, প্রতিযোগিতামূলক কর্মজীবনের চাপ এবং পরিবর্তিত জীবনযাপন তরুণদের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অতিরিক্ত লবণ ও তেলযুক্ত খাবার, অনিয়মিত খাদ্যাভ্যাস, স্থূলতা, ধূমপান, শারীরিক পরিশ্রমের ঘাটতি এবং দীর্ঘ সময় বসে কাজ করার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াচ্ছে। এর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো ও গভীর রাত পর্যন্ত জেগে থাকার প্রবণতাও পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে।

জাতীয় জনমিতি ও স্বাস্থ্য জরিপের তথ্য অনুযায়ী, দেশের মোট জনগোষ্ঠীর প্রায় এক-চতুর্থাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। আর বিভিন্ন গবেষণায় তরুণদের মধ্যে রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি থাকার হার ৪৩ শতাংশ বলে উঠে এসেছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোগতত্ত্ব বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী জানান, উচ্চ রক্তচাপে আক্রান্ত ১০০ জন তরুণের মধ্যে মাত্র ১৬ জন তাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারছেন। অর্থাৎ ৮৪ জনের রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

চিকিৎসকদের মতে, উচ্চ রক্তচাপ দীর্ঘদিন নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে স্ট্রোক, হৃদ্‌যন্ত্রের অকার্যকারিতা, কিডনি ক্ষতি, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং রক্তনালীর বিভিন্ন জটিলতার ঝুঁকি বেড়ে যায়।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সায়েম মোহাম্মদ বলেন, উচ্চ রক্তচাপ থাকলে একজন মানুষের স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। একই সঙ্গে কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও থাকে।

চিকিৎসকরা উচ্চ রক্তচাপকে ‘নীরব ঘাতক’ হিসেবে উল্লেখ করেন। কারণ অনেকের ক্ষেত্রেই রক্তচাপ বেড়ে গেলেও শুরুতে কোনো স্পষ্ট উপসর্গ দেখা যায় না। ফলে নিজেকে সুস্থ মনে করলেও শরীরের ভেতরে উচ্চ রক্তচাপের কারণে ক্ষতি চলতে পারে।

এ কারণে ২০ বছর বয়সের পর থেকেই নিয়মিত রক্তচাপ পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি অতিরিক্ত লবণ ও তেলযুক্ত খাবার এড়িয়ে চলা, ধূমপান থেকে বিরত থাকা, নিয়মিত শরীরচর্চা করা, স্বাস্থ্যকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।

তরুণ বয়স থেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা বাড়ানো গেলে উচ্চ রক্তচাপ দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে সময়মতো নিয়ন্ত্রণে এনে ভবিষ্যতে এর কারণে তৈরি হওয়া গুরুতর স্বাস্থ্যঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।