ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ বছর কারাবাস, ৮ বছর কনডেম সেলে: হাইকোর্টে নির্দোষ প্রমাণিত আমির

শিশু জুলি আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমির হোসেন ওরফে জামালকে খালাস দিয়েছেন হাইকোর্ট। দীর্ঘ ১৮ বছর কারাবন্দি থাকার পর মঙ্গলবার দুই বিচারপতির হাইকোর্ট বেঞ্চ তাকে নির্দোষ ঘোষণা করেন। এর মধ্যে প্রায় আট বছর তিনি মৃত্যুদণ্ডের রায় নিয়ে কনডেম সেলে ছিলেন।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্ত্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রাষ্ট্রপক্ষের ডেথ রেফারেন্স খারিজ করে আমিরের আপিল গ্রহণ করেন। আদালত বলেন, জুলি আক্তারকে আমির হোসেন হত্যা করেছেন—এমন অভিযোগ সাক্ষ্য-প্রমাণের মাধ্যমে রাষ্ট্রপক্ষ নির্ভরযোগ্যভাবে প্রমাণ করতে পারেনি।

রায়ে হাইকোর্ট উল্লেখ করেন, আমিরের কাছ থেকে নেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছায় দেওয়া হয়নি। নথি পর্যালোচনায় সেটি জোরপূর্বক আদায় করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে। একই সঙ্গে জবানবন্দি গ্রহণের আইনগত প্রক্রিয়াও যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

আদালত আরও বলেন, সাক্ষীদের জেরা এবং সাফাই সাক্ষ্যের বিষয়গুলো পর্যালোচনা করে আসামিকে নির্যাতনের প্রমাণ পাওয়া যায়। আসামিপক্ষ থেকে দাখিল করা মেডিক্যাল রিপোর্ট-সংক্রান্ত কাগজপত্রও ট্রাইব্যুনাল যথাযথভাবে বিবেচনা করেনি।

ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল, জুলির মাথায় আঘাত করে তাকে পানিতে ফেলে হত্যা করা হয়। তার শরীরে আঁচড়ের দাগও ছিল। কিন্তু আমিরের কথিত জবানবন্দিতে মাথায় আঘাত করার কোনো উল্লেখ ছিল না। ফলে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নিয়ে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত প্রমাণ আদালতের কাছে যথেষ্ট মনে হয়নি।

মামলায় তিন ও চার বছর বয়সী দুই শিশুকে প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেওয়া হয়েছিল। হাইকোর্ট বলেন, সাক্ষ্য দেওয়ার পাঁচ দিন আগে শিশু দুটিকে আদালতে এনে বাদীপক্ষ আমির হোসেনকে দেখিয়ে আসামি হিসেবে শনাক্ত করিয়েছিল। জেরায় বিষয়টি ওই দুই শিশুর সাক্ষ্যের মাধ্যমে উঠে আসে। এ কারণে তাদের প্রত্যক্ষদর্শী সাক্ষ্যকে নির্ভরযোগ্য মনে করেনি আদালত।

রায়ের পর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইমাম হোসেন তারেক বলেন, জামাল নামে এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে পুলিশ আমির হোসেনকে গ্রেপ্তার করে। পরে বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। তবে জুলি ধর্ষণ ও হত্যা মামলায় আমিরের সম্পৃক্ততা হাইকোর্টে প্রমাণিত হয়নি। ফলে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে তাকে খালাস দিয়েছেন।

মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ১৬ মে ফুপার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয় শিশু জুলি আক্তার। এ ঘটনায় তার চাচা হাটহাজারী থানায় মামলা করেন। এজাহারে বলা হয়, ঘটনার আগের দিন হাটহাজারী বাজারের মাদ্রাসা গেট থেকে জামাল নামে এক দিনমজুরকে কাজের জন্য বাড়িতে আনা হয়েছিল। পরদিন ওই ব্যক্তি শিশুটিকে বাড়ি থেকে নিয়ে ধর্ষণ ও হত্যা করে। দুই দিন পর একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

তদন্তে পুলিশ জানায়, স্বজনরা জামালকে ব্যক্তিগতভাবে চিনতেন না এবং তার ঠিকানাও জানা সম্ভব হয়নি। পরে তার ফেলে যাওয়া ব্যাগে পাওয়া মোবাইল-সংক্রান্ত কাগজ থেকে একটি নম্বর সংগ্রহ করা হয়। ওই নম্বরে যোগাযোগ করে আলাল নামে এক ব্যক্তির সন্ধান পাওয়া যায়। আলাল ফটিকছড়ির ট্রাক্টরচালক মাহবুবের কাছে যাওয়ার পরামর্শ দেন। মাহবুব জানান, জামাল নামে একজন তার সঙ্গে ১৪-১৫ দিন কাজ করলেও তার ঠিকানা তিনি জানেন না।

পরে মাহবুব ও তার মেয়ের জামাইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ভূজপুর থানার ওমর আলীর বাড়িতে গিয়ে তার তিন ছেলের মধ্যে একজনকে জামাল হিসেবে শনাক্ত করা হয়। তবে ওমর আলী জানান, তার ছেলেদের নাম আমির হোসেন, আবুল হোসেন ও জাগির হোসেন। প্রতিবেশী আবুল হাশেমও জানান, ওই পরিবারে জামাল নামে কেউ নেই।

তদন্ত প্রতিবেদনে হাশেমের বক্তব্য উদ্ধৃত করে পুলিশ জানায়, আমির হোসেন বাইরে কাজ করার সময় জামাল নামে পরিচয় দিতেন। পরে মাটিরাঙ্গা থানা থেকে আমিরকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে হাজির করে তার কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয় এবং তার ভিত্তিতে অভিযোগপত্র দেওয়া হয়।

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি সাক্ষ্য, জেরা ও যুক্তিতর্ক শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় আমিরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং ৯(২) ধারায় মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা দেন ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহির আলী। দীর্ঘ আট বছর পর সেই মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স নিষ্পত্তি করে হাইকোর্ট তাকে সম্পূর্ণ খালাস দিলেন।