গাজীপুরের কালীগঞ্জে সার বিক্রিতে অনিয়ম ও অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলার দোলান বাজারে অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।
অভিযানের সময় ব্যবসায়ীদের দোকান ও গুদামের স্টক রেজিস্টার যাচাই করে পটাশ সারের হিসাবের সঙ্গে বাস্তব মজুদের বড় ধরনের অসঙ্গতি পাওয়া যায়। রেজিস্টারে কম পরিমাণ উল্লেখ করে বাস্তবে অতিরিক্ত সার মজুদ রাখার প্রমাণ মেলে।
এ ঘটনায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৬ ধারায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন—প্রকাশ ট্রেডার্সের মালিক অমূল্য কৃষ্ণ দাসের ছেলে নির্মল দাস (৬০) এবং মেসার্স এস এস করপোরেশনের ম্যানেজার মৃত আব্দুল কাশেমের ছেলে শরীফ ভূইয়া (৩৪)।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, কৃষি উপকরণের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অত্যাবশ্যকীয় সার বিক্রিতে অনিয়ম বন্ধে নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।