ঢাকা, বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের পাশে থাকার ঘোষণা পুতিনের, পশ্চিমাদের ‘দাঁতভাঙা জবাবের’ হুঁশিয়ারি

ইরানের প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধে রুশ সামরিক অভিযান আরও জোরদারের ইঙ্গিত দিয়ে পশ্চিমা দেশগুলো রাশিয়াকে ‘গ্রাস’ করতে চাইলে কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নেওয়ার পর এসব কথা বলেন পুতিন।

ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে কাজ করতে রাশিয়া স্বাচ্ছন্দ্যবোধ করে বলেও জানান তিনি। পুতিন বলেন, যাদের সঙ্গে রাশিয়ার পরিচয় রয়েছে এবং যাদের ওপর সাধারণভাবে আস্থা রাখা যায়, তাদের সঙ্গে কাজ করতে তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন। উইটকফ ও কুশনার ট্রাম্পের আস্থাভাজন বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ মস্কো সফর করে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ প্রসঙ্গে পুতিন বলেন, স্নায়ুযুদ্ধের উত্তেজনাপূর্ণ সময়েও দুই দেশের গোয়েন্দা সংস্থার প্রধানদের মধ্যে সরাসরি যোগাযোগ ছিল। তবে বর্তমানে এ ধরনের যোগাযোগ অনেকটাই স্থগিত রয়েছে।

এদিকে ইউক্রেন যুদ্ধ ঘিরে দুই পক্ষের আকাশপথে হামলা আরও বেড়েছে। ইউক্রেন সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল শোধনাগার, জাহাজ ও বিভিন্ন স্থাপনায় দূরপাল্লার হামলা চালিয়েছে। এসব হামলার কারণে রাশিয়ার জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে বলে দাবি করেছে মস্কো।

পুতিনের দাবি, গত ৪০ দিনে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রায় ১০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দেশটির ক্ষতির পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশের সমান। এর জবাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, কৃষ্ণসাগরীয় বন্দরগুলোতে রাশিয়ার হামলার কারণে ইউক্রেনের শস্য রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। তবে ইউক্রেনের অর্থনীতি ধ্বংস করার লক্ষ্য রাশিয়ার নেই উল্লেখ করে তিনি বলেন, এটি দেশটির জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি রাশিয়ায় ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে বেসামরিক বিমান চলাচল নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন। এর প্রতিক্রিয়ায় পুতিন ওই বক্তব্যকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করা হয় না। একই সঙ্গে ইউক্রেন আবার রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করতে চাইছে এবং ব্যক্তিগত বৈঠকের অনুরোধ করছে বলেও দাবি করেন তিনি।

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নতুন করে সেনা নিয়োগের সম্ভাবনা নিয়ে চলা আলোচনা নাকচ করে পুতিন বলেন, এ ধরনের আশঙ্কা ভিত্তিহীন।

এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেন পুতিন। বৈঠকে ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির জনগণের সাহস ও দৃঢ়তার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত রাখার কথা জানান তিনি।

পেজেশকিয়ানকে পুতিন বলেন, কঠিন সময়ে ইরানের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার চেষ্টা করছে রাশিয়া। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় পণ্যও সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরু করার পর থেকেই তেহরানের পাশে রয়েছে মস্কো। রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য এবং ড্রোন তৈরির বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির পর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান আবারও পরস্পরের ওপর হামলা শুরু করেছে।

এর আগে রাশিয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে ইউক্রেন যুদ্ধের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে মেরুভালুক ও ঘাতক তিমির উদাহরণ দিয়েছিলেন পুতিন। বিশকেকে সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সোভিয়েত আমলে পশ্চিমা দেশগুলোকে ‘সাম্রাজ্যবাদের হাঙর’ হিসেবে বর্ণনা করা হতো।

পুতিন সতর্ক করে বলেন, কেউ যদি রাশিয়াকে খাদ্যশৃঙ্খলের নিচে নামিয়ে দিতে, গিলে ফেলতে বা গ্রাস করতে চায়, তাহলে তাদের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হতে পারে। পশ্চিমা দেশগুলোর শক্তি ও সক্ষমতা বাড়লেও রাশিয়া তা মোকাবিলায় প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতির দাবি করেছেন পুতিন। তার ভাষ্য অনুযায়ী, আগস্টে ওই অঞ্চলের ২৭০ বর্গকিলোমিটার এলাকা রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে। তবে যুদ্ধ পর্যবেক্ষণকারী ইউক্রেনীয় সংগঠন ডিপস্টেটের তথ্য বলছে, একই সময়ে রাশিয়া সেখানে প্রায় ২৬ বর্গকিলোমিটার এলাকা দখল করেছে।